জাতীয়

এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও সহজ অর্থায়নের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর

আপডেট: জুলা ১৬, ২০২৬ : ০৬:০৩ এএম
এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও সহজ অর্থায়নের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদান, সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামের (এইচএলপিএফ) সাধারণ বিতর্কে বাংলাদেশের জাতীয় বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বুধবার এক সরকারি বার্তায় এ তথ্য জানানো হয়।

জোনায়েদ সাকি বলেন, এসডিজি বাস্তবায়নের বিদ্যমান ঘাটতি পূরণে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াতে হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদান, সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তর জরুরি।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার ‘রিকভারি, রিকনস্ট্রাকশন অ্যান্ড রিবিল্ডিং (৩আর)’ কৌশল বাস্তবায়ন করছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো হয়েছে। পাশাপাশি পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা এবং কৃষি উৎপাদন বাড়াতে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকার ২৫ কোটি চারাগাছ রোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পের সম্প্রসারণ, জাতীয় কার্বন বাজার প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার এবং জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

গ্রামীণ উন্নয়নের প্রসঙ্গ তুলে জোনায়েদ সাকি বলেন, কৃষকদের সেবা সহজ করতে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে ‘কৃষক কার্ড’ চালু করেছে সরকার।

বাংলাদেশের পক্ষ থেকে তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে সরকার সংস্কার ও কৌশলগত বিনিয়োগ অব্যাহত রাখবে। তবে ২০৩০ এজেন্ডার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!