বাংলাদেশের মৎস্য খাতের টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে নেদারল্যান্ডস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণে নতুন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দায় ‘ফুডটেকবাংলাদেশ’ কর্মসূচির আওতায় অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এ অঙ্গীকারের কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক। এ ছাড়া বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ফিশটেক (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউল করিম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, ‘ফুডটেকবাংলাদেশ’ কর্মসূচি বাংলাদেশে ডাচ ডায়মন্ড পদ্ধতির সফল প্রয়োগের একটি উৎকৃষ্ট উদাহরণ। তার মতে, নতুন এই সেন্টার অব এক্সিলেন্সের মাধ্যমে কৃষকেরা আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি সম্পর্কে আরও ভালোভাবে জানতে ও তা বাস্তবায়নের সুযোগ পাবেন। একই সঙ্গে এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে খাতটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে নেদারল্যান্ডস এ উদ্যোগে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ড. মো. খালেদ কনক বলেন, সীমিত জমি ব্যবহার করেও উচ্চ উৎপাদনশীলতা অর্জন সম্ভব, যার সফল উদাহরণ নেদারল্যান্ডস। বাংলাদেশের মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে সরকারি সহায়তার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘ফুডটেকবাংলাদেশ’ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ৬০টির বেশি বাণিজ্যিক পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি অনলাইনে ৮০০ জনের বেশি এবং সরাসরি প্রায় ৬০০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে টেকসই মৎস্যচাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহায়তা করা হচ্ছে।
২০২২ সালে চালু হওয়া পাঁচ বছর মেয়াদি ‘ফুডটেকবাংলাদেশ’ কর্মসূচিটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে লারিভ ইন্টারন্যাশনাল ও লাইটক্যাসল পার্টনার্স।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!