বাংলাদেশ ও রাশিয়া জ্বালানি খাতসহ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার বিষয়ে একমত হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি নতুন ক্ষেত্রেও অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এ সময় নবগঠিত বাংলাদেশ–রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীকে স্বাগত জানিয়ে ল্যাভরভ বলেন, আইন প্রণয়নসংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠক শেষে উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ বজায় রেখে বাংলাদেশ–রাশিয়ার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!