কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সাইফুল মালিক স্ট্রোকে আক্রান্ত হন। এতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
সাইফুল মালিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। তিনি ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান শোক প্রকাশ করেছেন। জেলা পুলিশ জানিয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!