বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সরকারি সফরে মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটি সফর করছেন তিনি।
মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সফরকে দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এই সফর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ভিত্তি তৈরি করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছান ড. খলিলুর রহমান।
সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করা, বিদ্যমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। বহুপক্ষীয় ফোরামগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হবে।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, জনশক্তি কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। মালদ্বীপে কর্মরত উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!