জাতীয়

১৩ দিন পর রাঙ্গামাটি–বান্দরবান সড়কে স্বাভাবিক যান চলাচল

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:৩৮ এএম
১৩ দিন পর রাঙ্গামাটি–বান্দরবান সড়কে স্বাভাবিক যান চলাচল

বেইলি সেতুর একটি অংশ ধসে পড়ার কারণে টানা ১৩ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে রাঙ্গামাটি–বান্দরবান সড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

গত ১২ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় একটি বেইলি সেতুর অংশ ধসে পড়ায় রাঙ্গামাটি–বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের কাজ শেষ হলে শনিবার সকাল থেকে সড়কটি সব ধরনের যানবাহনের জন্য খুলে দেওয়া হয়।

বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সেতুর ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণকাজ বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। পরদিন শুক্রবার কিছু আনুষঙ্গিক কাজের কারণে পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।

সওজ সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত সেতুটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। পুনর্নির্মাণ শেষে সেতুর নিরাপত্তা নিশ্চিত করেই যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, সড়কটি চালু হওয়ায় বান্দরবান থেকে রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রীবাহী বাস চলাচল আবার শুরু হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!