জাতীয়

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে: এ্যানি

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:৪০ এএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে: এ্যানি

তরুণ প্রজন্মকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইলে কত সময় ব্যয় করছে, সেদিকে নজর রাখা প্রয়োজন। পারিবারিক সচেতনতাই সন্তানকে মোবাইল আসক্তি ও মাদকের ঝুঁকি থেকে দূরে রাখতে এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করতে পারে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ডিজিটাল ডিভাইসের অপব্যবহার ও মাদকের বিস্তার তরুণদের ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্যসচিব জাহের ইসলাম জাহাঙ্গীর এবং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!