জাতীয়

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গুলশানের বাসায় উঠছেন সাবেক রাষ্ট্রপতি

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৬:৩১ এএম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গুলশানের বাসায় উঠছেন সাবেক রাষ্ট্রপতি

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের এক দিন পর আজ রোববার বিকেলে বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সপরিবারে উঠবেন।

বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, গুলশানের বাসাটি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। গত কয়েক দিন ধরেই সেখানে ব্যক্তিগত মালপত্র স্থানান্তর এবং প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ চলছিল।

গত শনিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। সম্প্রতি বাইপাস সার্জারির পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ রোগে আক্রান্ত হওয়ায় মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়ছেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে তাঁর ব্যক্তিগত মালপত্র আগেই গুলশানের বাসায় পাঠানো হয়েছে। বাসাটির প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতির কাজও শেষ হয়েছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তবে তিনি বঙ্গভবনে বসবাস করবেন না; স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য বঙ্গভবনে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!