বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশের সরকারপ্রধান ভারত সফর করবেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দীনেশ ত্রিবেদী।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় নির্ধারণ বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
তারেক রহমানের সম্ভাব্য সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে ত্রিবেদী বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে। তিনি বলেন, ভারত আশা করছে, শিগগিরই এ সফর বাস্তবায়িত হবে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!