সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চিঠিতে ইরানের হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ। তিনি নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
ইউএই প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী তাঁর দেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, সুবিধাজনক প্রথম সুযোগেই তিনি সরকারি সফরে বাংলাদেশে আসতে চান। তাঁর আশা, এ সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে ভূমিকা রাখবে।
চিঠিতে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৃঢ় ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!