জাতীয়

এআইভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

আপডেট: জুলা ৩১, ২০২৬ : ০৫:০৬ এএম
এআইভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগের মাধ্যমে জনপ্রশাসনকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১৪৪ ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বর্তমান বিশ্বে প্রশাসন আর শুধু নথিপত্র ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি এখন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর। নীতি বিশ্লেষণ, সেবা প্রদান, অভিযোগ নিষ্পত্তি, দুর্নীতি প্রতিরোধ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতের প্রশাসনিক কর্মকর্তাদের এ প্রযুক্তি দক্ষতার সঙ্গে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে এআইভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দক্ষ, উদ্ভাবনী ও জনকল্যাণমুখী জনপ্রশাসন গড়ে তুলতে মেধা, শ্রম ও সততার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তৈরি পোশাকশিল্পের পাশাপাশি চামড়া, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চপ্রযুক্তি উৎপাদন ও জ্ঞানভিত্তিক সেবা খাতের বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে চলতি অর্থবছরে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চীনের ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের উদ্যোগ নিতে হবে। পরীক্ষামূলকভাবে একটি জেলায় এমন প্রকল্প বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার পরিচয় তাঁর পদবিতে নয়, বরং কর্ম, সততা ও উদ্ভাবনী চিন্তায়। কর্মজীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হবে এবং নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জনে সবসময় প্রস্তুত থাকতে হবে।

তিনি জানান, সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এসব উদ্যোগ সফল করতে মাঠ প্রশাসনসহ সব পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। তিনি জানান, পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে দুই ব্যাচের ৭৪ জন কর্মকর্তাকে দক্ষ, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন গড়ে তোলার জন্য প্রস্তুত করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!