সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, কে কী মন্তব্য করল বা কী বলল, তা নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব।
শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
মন্ত্রী বলেন, সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করছে। রাজনৈতিক সমালোচনা বা বিতর্কে না জড়িয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়নের এই ধারা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কারণে দেশের প্রতিটি উপজেলায় মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। তিনি প্রত্যেক নাগরিককে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে ২৩টি সেলাই মেশিন বিতরণ, ৫২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!