জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান জাতীয় সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাঁর ভাষায়, দেশের ১৮ কোটি মানুষের ‘৩৬ কোটি চোখ’ এখন সংসদের কার্যক্রমের দিকে নিবদ্ধ।
জনগণ চায়, সংসদে যুক্তিনির্ভর আলোচনা, গঠনমূলক সমালোচনা ও কার্যকর বিতর্কের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটুক। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে উল্লেখ করে বলেন, এই সংসদের অধিকাংশ সদস্য অতীতে গুম, নির্যাতন, কারাবরণ, নির্বাসন কিংবা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। তাঁর দাবি, এ কারণে এই সংসদ বিশ্বের ইতিহাসেও একটি ব্যতিক্রমী সংসদ।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, সংসদ পরিচালনায় তাঁর অগ্রাধিকার থাকবে ন্যায়বিচার ও নিরপেক্ষতা। যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় সংসদই রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। আইন প্রণয়ন, নির্বাহী বিভাগের জবাবদিহি এবং গণতান্ত্রিক চর্চার প্রধান ক্ষেত্র হওয়া উচিত সংসদ।
তিনি বলেন, একটি কার্যকর সংসদে সরকারি দল যেমন নিজেদের অবস্থান তুলে ধরবে, তেমনি বিরোধী দলও গঠনমূলক সমালোচনার সুযোগ পাবে। এ ধরনের বিতর্ক ও মতবিনিময়ের মাধ্যমেই রাষ্ট্র উপকৃত হয় এবং গণতন্ত্র শক্তিশালী হয়।
বিশ্বের বিভিন্ন সংসদীয় গণতন্ত্রের উদাহরণ তুলে ধরে কায়সার কামাল বলেন, উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি সংসদীয় আলোচনা ও বিতর্কের মাধ্যমেই নির্ধারিত হয়। বাংলাদেশেও সেই সংস্কৃতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।
সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার বিভিন্ন পর্যায় নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন। একই সঙ্গে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে নতুন যাত্রা শুরু হয়েছে, তার কেন্দ্রবিন্দু এখন জাতীয় সংসদ। শহীদ ও আহতদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!