সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ ও ইউএই কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে এবং প্রয়োজনীয় নথিপত্রও বিনিময় হয়েছে। রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ইউএই কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বাংলাদেশও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ইউএই যেসব তথ্য চেয়েছিল, সেগুলো ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে তিনি ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)’ বাস্তবায়নে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ২০২৬–২০৩০-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও একই দিন বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। অগ্রগতি হলে সরকার গণমাধ্যমকে জানাবে বলেও উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, পূর্ণাঙ্গ তথ্য হাতে পাওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। পরে গত ১২ জুন বাংলাদেশকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। এর আগে ২০২৫ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) ২০২৬-এর প্রস্তুতি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জাতীয় কর্মপরিকল্পনার বিভিন্ন দিকও তুলে ধরা হয়। জাতীয় কর্মপরিকল্পনাটি বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে প্রণয়ন করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এর বাস্তবায়নে সহায়তা দেওয়া হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!