আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী তরুণ উদ্ভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের ওপর। তাঁদের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন–২০২৬’–এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির বিকল্প নেই।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটের কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তিনি রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন। রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তারা প্রযুক্তি খাতেই কাজ করার এবং নিজস্ব উদ্যোগে নতুন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহের কথা জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সরকার পাশে থাকবে।
দেশের অর্থনীতিকে আরও বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধ, আসবাবপত্র ও প্রসাধনী শিল্পের মতো সম্ভাবনাময় খাতকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের বিকাশে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন–২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলের মধ্যে প্রথম হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্সআপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান অর্জন করে।
সাক্ষাতে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!