জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদনগুলোর সঙ্গে জমা দেওয়া বিভিন্ন প্রমাণপত্র যাচাই-বাছাই এবং আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)-কে। সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা) ও সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে, এনআইডিতে কী ধরনের তথ্য পরিবর্তনের আবেদন আসে তার শ্রেণিবিন্যাস করা এবং প্রতিটি ধরনের আবেদন নিষ্পত্তির জন্য কী কী প্রমাণপত্র প্রয়োজন, তার একটি তালিকা প্রস্তুত করা।
এ ছাড়া পর্যাপ্ত প্রমাণপত্র না থাকায় ‘ঘ’ ক্যাটাগরিতে বাতিল হওয়া এবং পরে পুনরায় দাখিল করা আবেদনগুলোতে যথাযথ কাগজপত্র জমা দেওয়া হলে সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি।
আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের সময় সৃষ্ট জটিলতা দূর করতে সিএমএস (CMS) পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ এবং এনআইডি লক, আনলক ও রোলব্যাক-সংক্রান্ত যৌক্তিকতা নির্ধারণেও মতামত দেবে এই কমিটি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি আরও স্বচ্ছ, সহজ ও দ্রুত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!