সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দর যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিপুল রাজস্ব আয় করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।
পর্যটন উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রকৃতিকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। শুধু উঁচু ভবন নির্মাণ করলেই পর্যটনশিল্পের উন্নয়ন হবে না। কক্সবাজার সমুদ্রসৈকতের পুরো ১০০ কিলোমিটার এলাকাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বিশ্বব্যাপী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাকে গুরুত্ব দিয়ে পর্যটন সম্প্রসারণের পরিকল্পনা করতে হবে।
কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন, কউক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!