বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং ডিজিটাল লেনদেনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া–প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। ১০ থেকে ১২ আগস্ট তাঁর এই সফর অনুষ্ঠিত হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা জানিয়েছে, সফরকালে স্টিফেন কারপিন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর সঙ্গে থাকবেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।
বৈঠকগুলোতে বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণ, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভিসার বিবৃতিতে বলা হয়েছে, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, ই-কমার্সের বিকাশ এবং আর্থিক অবকাঠামোয় বিনিয়োগের ফলে বাংলাদেশ এশিয়া–প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল লেনদেনের একটি সম্ভাবনাময় বাজার হিসেবে উঠে আসছে।
সফরকালে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে ডিজিটাল পেমেন্টের ভূমিকা নিয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ভিসার এশিয়া–প্যাসিফিক প্রেসিডেন্ট।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!