জাতীয়

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৫:৩৩ এএম
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমের শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে।

রোববার রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমাদের দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে।’

‘উন্নয়নের পথে বাধা সৃষ্টি করলে রুখে দিতে হবে’ দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী ও কথা বলার স্বাধীনতায় বিশ্বাসী মানুষকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তারেক রহমান বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজপথে এসে উন্নয়নের কাজ বন্ধ করে দিতে চায় এবং জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত দেশের মানুষকেই নিতে হবে।

তিনি বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি—দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দিতে হবে।’

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির স্লোগান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

তিনি বলেন, বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে এবং বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে। তাই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন সরকারের মূল দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, ‘৩১ দফা হচ্ছে জনগণের দফা। কাজেই জনগণের দফা পূরণ ও বাস্তবায়নের জন্য বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কাজ করে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!