জাতীয়

চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৫:৫৪ এএম
চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য রান্না, প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দই এবং বাসি গ্রিল ও রান্না করা মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়ায় গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রান্না, প্রস্তুত ও সংরক্ষণ করতে দেখা যায়। একই সঙ্গে বাসি তরকারি ও বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল।

অন্যদিকে হাজির চুইঝাল নামের রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্নতার পাশাপাশি শিল্পে ব্যবহারের জন্য নির্ধারিত লবণ দিয়ে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল বলে অভিযানে উঠে আসে।

অভিযান অব্যাহত থাকবে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং খাদ্য উৎপাদনে অননুমোদিত লবণ ব্যবহারের মতো অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!