জাতীয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার: গণপূর্তমন্ত্রী

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৫:৫৮ এএম
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার: গণপূর্তমন্ত্রী

মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’ শিগগিরই মাদকের বিরুদ্ধে সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, অপরাধ, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধ করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরলেন মন্ত্রী

মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান বরাবরই স্পষ্ট উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি সংসদ সদস্য হন বা না হন, মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবেন এবং এ নিয়ে কাজ চালিয়ে যাবেন।

মন্ত্রী বলেন, ‘আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও একই কথা বলছি। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবে।’

কিশোর ও তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে আইনের যথাযথ প্রয়োগের কথা বলেন।

তিনি বলেন, কিশোর ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানো এবং মাদকের বিস্তার ঠেকাতে আইনের সঠিক প্রয়োগ সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালিতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ, জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!