সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, একটি সংবিধান এক দিনের জন্য পরিবর্তন করা হয় না। দীর্ঘ সময়ের জন্য পরিবর্তন করা হয়। সংবিধান নতুন করে লেখা হবে না; বরং প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।
তিনি বলেন, সংবিধানের একটি কমা পরিবর্তন করাও যদি সংস্কার হয়, তাহলে প্রতিটি শব্দের পরিবর্তনও সংস্কারের অংশ। আর এই সংশোধনের কাজ সবার মতামত নিয়েই করা হবে। এ জন্য সবাইকে একসঙ্গে বসার আহ্বান জানানো হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
এ সময় তিনি জানান, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট তাঁকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চায় বিএনপি।
চিফ হুইপ বলেন, বিএনপির পক্ষ থেকে জমা দেওয়া মনোনয়নপত্রের প্রস্তাবক হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। সমর্থক হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচন করা। ১৭ বছর আন্দোলনের পর একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা হয়েছে। এখন সংসদে দেশের মানুষের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।
বাংলাদেশের অবস্থান ও গুরুত্বকে সবার আগে রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চিফ হুইপ।
‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ম রক্ষার নয়’
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণভোটের বিষয়গুলো পর্যায়ক্রমে সংসদের কার্যক্রমে প্রতিফলিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন একটি পৃথক বিষয়।
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘নিয়ম রক্ষার নির্বাচন’ বলা সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, অন্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের স্বাগত ও অভিনন্দন জানানো উচিত। তাঁরা নির্বাচন প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করায় গণতন্ত্রের সৌন্দর্য আরও বাড়িয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সমন্বয়ে যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা, সেই প্রক্রিয়াতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!