জাতীয়

৫ স্থানীয় সরকার নির্বাচন করতে খরচ ৫–৬ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

আপডেট: আগ ১৫, ২০২৬ : ০৫:৫৮ এএম
৫ স্থানীয় সরকার নির্বাচন করতে খরচ ৫–৬ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, এসব নির্বাচন আয়োজন করতে প্রায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এরই মধ্যে বাজেটে এ অর্থের সংস্থান রাখা হয়েছে। শনিবার মৌলভীবাজারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ ও অর্থ বিভাগ বৈঠকে বসবে। সেখানে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘এই অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করব।’

সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ

দেশের সব সরকারি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ধাপে ধাপে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। ছয় মাস পর এসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!