বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। তাঁর মৃত্যুর পর এবারই প্রথম তাঁর জন্মদিন পালন করছে বিএনপি। এ উপলক্ষে দলটি সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি নিয়েছে।
খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর জন্মদিনে এবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করবেন।
রাজনীতিতে দীর্ঘ পথচলা
১৯৪৫ সালের ১৫ আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ কাটে দিনাজপুরে। দিনাজপুর সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি।
১৯৬০ সালে তৎকালীন সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি দুই সন্তানসহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী ছিলেন। ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়ের পর তিনি মুক্তি পান।
১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন তিনি। ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। এর পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কারাবাস ও মুক্তি
২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় খালেদা জিয়া ও তাঁর পরিবারের ওপর নানামুখী চাপ ও মামলা আসে। পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাঁকে কারাগারে নেওয়া হয়।
কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপর কয়েক দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশেও নেওয়া হয়। তবে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিএনপির দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হবে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।
দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বিএনপি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!