জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
দুদকের ইতিহাসে এবারই প্রথম ট্যাক্স ক্যাডারের কোনো কর্মকর্তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। এর আগে ট্যাক্স ক্যাডারের একাধিক কর্মকর্তা দুদকের বিভিন্ন পদে প্রেষণে দায়িত্ব পালন করলেও কমিশনার হিসেবে সাজ্জাদ হোসেন ভূঁইয়াই প্রথম।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুদক কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
তিন দশকের বেশি কর প্রশাসনের অভিজ্ঞতা
ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে অবসর নেন। বর্তমানে তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ৪ মে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
কর্মজীবনে কর আইন, করনীতি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, অর্থ পাচার প্রতিরোধ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে তাঁর তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
ব্যাংকার ও শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু
সাজ্জাদ হোসেন ভূঁইয়া কর্মজীবন শুরু করেন ব্যাংকার হিসেবে। ১৯৮৭ সালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। পরের বছর এবি ব্যাংক পিএলসিতে প্রভিশনারি অফিসার হিসেবে যোগ দেন।
১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ সালে বিসিএস ট্যাক্স ক্যাডারে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
সাজ্জাদ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের শুরুতে তিনি ১৯৭৯ সালে কুমিল্লার বাতাকান্দি এসএসএএইচএম হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
উচ্চশিক্ষায়ও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ফিন্যান্স বিভাগসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন।
নতুন দুদক কমিশন
এদিনের প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের নতুন চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে সার্চ কমিটি গঠন করা হয়।
সার্চ কমিটি ছয় দফা বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে এ কে এম আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করা হয়।
আরএস-রাসেল
NIT kand
আগ ১৮, ২০২৬NIT card
আগ ১৮, ২০২৬