দক্ষিণ এশিয়ার জনগণের জন্য যৌথ সুফল নিশ্চিত করা এবং আঞ্চলিক সংহতি আরও এগিয়ে নিতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও ভুটান।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি। এ সময় আঞ্চলিক সহযোগিতা ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে শামা ওবায়েদ আঞ্চলিক সহযোগিতার বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ক প্রতিষ্ঠার ধারণা তিনিই উত্থাপন করেছিলেন।
এই প্রেক্ষাপটে বৃহত্তর আঞ্চলিক সংহতি গড়ে তোলা এবং দক্ষিণ এশিয়ার জনগণের জন্য সম্মিলিত সুফল নিশ্চিত করতে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর উভয় পক্ষ গুরুত্ব দেয়।
ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রসঙ্গ
বৈঠকে ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভুটানের দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হলে এগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে আরও অর্থবহ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে।
তিনি বলেন, এসব উদ্যোগ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে যোগাযোগব্যবস্থা বা কানেক্টিভিটি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিন দিনের সফরে ভুটানের পররাষ্ট্র সচিব
বাংলাদেশ ও ভুটানের মধ্যে চতুর্থ ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) বৈঠকে যোগ দিতে ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন।
মঙ্গলবার সকালে দুই দেশের মধ্যে চতুর্থ এফওসি অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের পররাষ্ট্র সচিব।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!