জাতীয়

সমৃদ্ধ স্বদেশ গড়াই সরকারের স্বপ্ন: ত্রাণমন্ত্রী

আপডেট: আগ ১৯, ২০২৬ : ০৪:৩৬ এএম
সমৃদ্ধ স্বদেশ গড়াই সরকারের স্বপ্ন: ত্রাণমন্ত্রী

মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি কমানো এবং নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে এই পথচলা আরও দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে দেশের ১১টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব রেসকিউ বোট হস্তান্তর করা হয়।

আসাদুল হাবিব দুলু বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রায়ই উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলের মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। দুর্যোগের সংকটময় সময়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার পাশাপাশি সরকার উপকূলবাসীর পাশে রয়েছে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপদ ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ জনকো তাকাশি।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!