জাতীয়

বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই: জাহেদ উর রহমান

আপডেট: আগ ২০, ২০২৬ : ০৫:২১ এএম
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই: জাহেদ উর রহমান

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এরপরও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ছয় মাস পরপর সরকারের কাজের পর্যালোচনা

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতি ছয় মাস পরপর কোন মন্ত্রণালয় কী কাজ করছে এবং কীভাবে করছে, তা পর্যালোচনা করা হবে। আগামী পাঁচ বছর এভাবেই জনগণের কাছে সরকারের কর্মকাণ্ডের হিসাব তুলে ধরা হবে।

তিনি বলেন, কী কাজ করা হয়েছে এবং ভবিষ্যতে কী করা হবে—এসব বিষয়ও জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকারের কাজের মূল্যায়ন জনগণের কাছেই হবে।

ভবিষ্যৎ বাংলাদেশে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সরকারগুলোও জনগণের সঙ্গে এভাবে যোগাযোগ রেখে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে চাইবে। কারণ, পাঁচ বছর পর প্রতিটি সরকারকেই জনগণের কাছে ভোট চাইতে হবে।

‘জনগণের কমিটমেন্ট রক্ষা করতে চাই’

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, জনগণ এই সরকারকে বড় ধরনের বিজয় দিয়েছে। সরকার জনগণের দেওয়া সেই কমিটমেন্ট যেকোনো মূল্যে রক্ষা করতে চায়।

জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নের জন্য বিভিন্ন জেলা ও উপজেলায় যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছে। তাঁরা তাঁদের দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন।

সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!