দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’ ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখবেন বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির।
তিনি বলেন, রাষ্ট্রপতি ইনসাফ প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা করেন তিনি।
২০০১ থেকে ২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকার কথাও স্মরণ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই সময়ে জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল।
জামায়াত আমির বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
অভিনন্দনবার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন ডা. শফিকুর রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!