জাতীয়

‘মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’: অর্থমন্ত্রী

আপডেট: আগ ২১, ২০২৬ : ০৫:৪৫ এএম
‘মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’: অর্থমন্ত্রী

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলের চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে এ কথা বলেন অর্থমন্ত্রী।

আমীর খসরু বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়ে ভালো চয়েজ তো হতে পারে না। দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, কষ্ট করেছেন।’

তিনি বলেন, ‘যে আন্দোলন-সংগ্রামের বিনিময়ে আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি, নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠিত হয়েছে, সেই আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা অগ্রভাগে ছিল। আমরা তা সবাই জানি। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। আমি আনন্দিত যে, এরকম একজন মানুষ প্রেসিডেন্টের চেয়ার অলংকৃত করতে যাচ্ছেন।’

‘নির্বাচিত সংসদে রাষ্ট্রপতি নির্বাচন বড় পাওয়া’

আমীর খসরু বলেন, বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, তা জনগণ হয়তো ভুলেই গেছে। এবার একটি নির্বাচিত সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হওয়াকে তিনি দেশের জন্য ‘বড় পাওয়া’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আজকে একটি নির্বাচিত সংসদে প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেটিও আমাদের জন্য বড় পাওয়া। এই গণতান্ত্রিক ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।’

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যে গণতান্ত্রিক ধারা ফিরে পাওয়ার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং নির্যাতিত হয়েছে, সেই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে।’

তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রী যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে তুলতে পারবেন।

রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা

নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের টর্চ প্যায়ারার হিসেবে আজ এখানে আসছেন। সেই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে এবং সেখানে তাঁর ভূমিকা বিগত দিনে যা ছিল, এখনো যাতে তাই থাকে।’

জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!