গত মাসের তুলনায় রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে মৌসুম না হওয়ায় বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি। এসব সবজি ১০০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বেশির ভাগ সবজির দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি টমেটো ১৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা এবং ঝিঙা ও চিচিঙ্গা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া কাঁকরোল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, শিম ২০০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৪০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, মুলা ৮০ টাকা এবং বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
‘চার-পাঁচ ধরনের সবজির দাম বেশি’
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান তমাল বলেন, তুলনামূলকভাবে সবজির দাম কিছুটা কমেছে। তবে চার-পাঁচ ধরনের সবজির দাম এখনো বেশি। এসব সবজি ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, অন্যান্য সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। গত মাসের তুলনায় এখন সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক।
সরবরাহ কম থাকায় দাম বেশি
রামপুরা বাজারের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর মৌসুম না হওয়ায় এসব সবজির সরবরাহ কিছুটা কম। এ কারণে দামও তুলনামূলক বেশি।
তিনি বলেন, এসব সবজি ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম আগের তুলনায় কমেছে। সেগুলো ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
টানা বৃষ্টি না হলে আগামী দিনগুলোতেও সবজির দাম মোটামুটি এমনই থাকবে বলে মনে করেন এই বিক্রেতা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!