ক্রীড়াক্ষেত্রে রাজশাহী আবারও তার হারানো গৌরব ফিরে পাবে এবং দেশের শ্রেষ্ঠ ক্রীড়া অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, একসময় রাজশাহীর ক্রীড়াঙ্গন ছিল গৌরবময়। বাংলাদেশের জাতীয় ফুটবল দলে ১৫ জন খেলোয়াড়ের মধ্যে রাজশাহীর থাকতেন অন্তত সাত-আটজন। ক্রিকেটেও রাজশাহী ছিল দেশের অন্যতম সেরা।
তিনি বলেন, রাজশাহীতে অনেক বিখ্যাত ক্রিকেটার রয়েছেন। ভলিবলে একসময় রাজশাহী ছিল বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী। হকিতেও ছিল ব্যাপক জনপ্রিয়তা। ব্যাডমিন্টনে রাজশাহীর খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রাজশাহী কলেজও ৩০টি টুর্নামেন্টের মধ্যে ২২টিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে।
মিজানুর রহমান বলেন, ‘আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। এখন আবার সেই হারানো গৌরব ফিরে পাবে রাজশাহী।’
তরুণদের মাঠমুখী করতে হবে
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি যুবসমাজ ও তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রতি সপ্তাহে তরুণদের উদ্দীপ্ত করার জন্য একটি করে অনুষ্ঠান রাখছেন।
এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও বিভিন্ন দলের পতাকা উত্তোলন করেন ভূমিমন্ত্রী। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর কিছুক্ষণ উদ্বোধনী খেলা উপভোগ করেন।
অংশ নিচ্ছে ১০ দল
তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ, মাদক ও মোবাইল-ডিজিটাল আসক্তি থেকে তরুণদের মাঠমুখী করা এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টে রাজশাহীর নয়টি উপজেলা ও সিটি করপোরেশনসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। এতে খেলোয়াড় রয়েছেন ২৭০ জন।
উদ্বোধনী খেলায় রাজশাহী সিটি করপোরেশন ও বাগমারা উপজেলা দল মুখোমুখি হয়।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!