জাতীয়

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

আপডেট: আগ ৩০, ২০২৬ : ০৫:১৭ এএম
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশের সব জেলার খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চবিদ্যালয়ে প্রয়াত বাবা হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে পর্যাপ্ত খাদ্য মজুতের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

দেশের খাদ্যগুদামগুলোর ব্যবস্থাপনা ও সংরক্ষণব্যবস্থা কঠোরভাবে তদারকি করা হবে জানিয়ে আফরোজা খানম বলেন, এরই মধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্যগুদামে অনিয়মের ঘটনা শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় খাদ্যের সংকট যাতে না হয়, সে জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে। একই সঙ্গে খাদ্য সরবরাহব্যবস্থার ওপরও নজর দেওয়া হচ্ছে।

সারসংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সারসংকট নেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার বিষয়টি জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে।

চলতি রোপা আমন মৌসুমে কৃষকদের সার নিয়ে সমস্যায় পড়তে হবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

দ্বিতীয় পদ্মা সেতুর প্রাথমিক কাজ শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজিরহাট নৌপথে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পটির সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।

অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মো. নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাখন, ড্যাবের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. বদরুল আলম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর-মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং সড়কের উদ্বোধন করেন। এরপর মুন্নু ক্যাফেটেরিয়ার সভাকক্ষে ব্যুরো অব সোশ্যাল ওয়াচ আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সেমিনার-২০২৬’-এর উদ্বোধন করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!