গভীর জনসম্পৃক্ততা, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারাহ কুক বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অগ্রাধিকার নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আমাদের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসহ বিস্তৃত পরিসরের অভিন্ন অগ্রাধিকার স্থান পেয়েছে।’
দুই দেশের জনগণের যোগাযোগ গুরুত্বপূর্ণ
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তুলে ধরে সারাহ কুক বলেন, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের গভীর যোগাযোগের ওপর ভিত্তি করেই এ অংশীদারত্ব গড়ে উঠেছে।
তার মতে, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা এ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
সারাহ কুক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্বকে আরও গভীর করার পাশাপাশি তা যেন উভয় দেশের মানুষের জন্য সুনির্দিষ্ট ও বাস্তব সুফল বয়ে আনে, সে লক্ষ্যেও কাজ করতে চায় যুক্তরাজ্য।
তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের শক্তিশালী অংশীদারত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং উভয় দেশের জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে আমি আগ্রহী।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!