জাতীয়

শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ত্রাণমন্ত্রী

আপডেট: আগ ৩১, ২০২৬ : ০৫:৪৩ এএম ১৬
শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ত্রাণমন্ত্রী

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, অধিকতর তদন্ত শেষে এ ঘটনায় পুলিশ অভিযোগপত্র দেবে।

রোববার রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা অত্যন্ত রোমহর্ষক ও মর্মান্তিক। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।

মন্ত্রী বলেন, মাদকাসক্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই ওই বাড়িতে গিয়ে গণপতি চক্রবর্তীকে বিরক্ত করতেন। তাদের বাধা দিতে গিয়ে গণপতি চক্রবর্তী পরিবারের সদস্যদের নিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন’

হত্যাকাণ্ডের পরপরই পুলিশ মূল দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় এ ঘটনায় আর সন্দেহের কিছু নেই।

তিনি বলেন, বর্তমান সরকার এ ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ইতিমধ্যে কয়েকটি ঘটনায় সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে।

ত্রাণমন্ত্রী বলেন, রামিসা হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং ওই মামলার বিচারকাজও শেষ হয়েছে। একইভাবে গণপতি চক্রবর্তীসহ চারজন হত্যার ঘটনায়ও তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!