বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যান তারেক রহমান। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি তাঁদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতেহা পাঠ এবং প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির নেতারা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
গাছের চারা রোপণ, লেকে মাছের পোনা অবমুক্ত
শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী তুলে নেওয়ার পর সমাধিস্থলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন মিছিল নিয়ে তাঁরা সমাধি প্রাঙ্গণে আসেন। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’—এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান।
পাঁচ দিনের কর্মসূচি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর বাইরে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
দলটি এমন সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন প্রায় দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে বিএনপি। আর দলটির প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।
১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব দেন। বর্তমানে তাঁদের ছেলে তারেক রহমান দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব নেন তারেক রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!