দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির মূল লক্ষ্য হলো জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।
‘বিএনপির প্রতিষ্ঠা ছিল যুগান্তকারী ঘটনা’
বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মতে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।
তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মানুষের বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিএনপি প্রতিষ্ঠিত হয় এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকার দাবি
তারেক রহমান বলেন, শুধু গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা ত্যাগ স্বীকার করেছেন।
গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যেসব নেতা-কর্মী প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশে যখনই জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে সরকার পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি’
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি তাদের ভালোবাসার প্রতিদান দিতে চায়।
বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।
‘বিএনপির অপর নাম জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ার সংগ্রাম’
বাণীর শেষ দিকে তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামই বিএনপির পরিচয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে আবারও শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!