জাতীয়

ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান ও ২০০ বছরের পুরোনো আমগাছ দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট: সেপ্টে ০১, ২০২৬ : ০৫:৫২ এএম ১৭
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান ও ২০০ বছরের পুরোনো আমগাছ দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমতলের চা বাগান ও প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজেও চা–পাতা তুলেছেন তিনি।

গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রদূত বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্ত এলাকার ঐতিহাসিক আমগাছ এবং সীমান্তসংলগ্ন নিটলডোবা গ্রামের সমতলের চা বাগান পরিদর্শন করেন।

চা বাগান পরিদর্শনের সময় শ্রমিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পরে শ্রমিকদের সঙ্গে তিনিও চা–পাতা তোলেন।

‘সমতলে চা চাষ দেখে খুব খুশি হয়েছি’

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, সমতলে চা চাষ আগে কখনো দেখেননি। বাংলাদেশে এসে প্রথমবার সমতলের চা বাগান দেখে তিনি খুবই আনন্দিত হয়েছেন। একই সঙ্গে প্রায় ২০০ বছরের পুরোনো আমগাছ দেখেও তিনি মুগ্ধ হয়েছেন।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তাঁদের সহযোগিতা করা হলে তাঁরা দ্রুত উন্নতি করতে পারবেন।

তিনি বলেন, ‘আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকব।’

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।

স্থানীয়দের মধ্যে উৎসাহ

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সফরের সময় তিনি এলাকার ঐতিহ্য ও দর্শনীয় স্থান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তাঁকে বালিয়াডাঙ্গীর ঐতিহাসিক আমগাছ এবং সুলতান টি–এর গুরুত্ব সম্পর্কে জানানো হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে চা–বাগানের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!