সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারের মতো বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের বাংলাদেশ সফর উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজে এসব কথা বলেন স্পিকার। অনুষ্ঠানে আইপিইউ মহাসচিব ও তাঁর প্রতিনিধিদল অংশ নেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। তবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার দিতে হবে।
মানবাধিকার ও জলবায়ু ইস্যুতে আইপিইউর ভূমিকা
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আইপিইউ মানবাধিকার সংরক্ষণ এবং বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
স্পিকার আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে। বিশ্বে সংসদীয় নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে এসব সমস্যা মোকাবিলায় গণতান্ত্রিক কাঠামোর ওপর কার্যকর প্রভাব ফেলতে পারে আইপিইউ।
‘সংসদ গণতন্ত্রের ভিত্তি’
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ নিজেদের ভাগ্যোন্নয়ন ও মানবিক মর্যাদা সুরক্ষার জন্য ভোটাধিকার প্রয়োগ করেছে।
তিনি বলেন, সংসদ গণতন্ত্রের ভিত্তি। মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় সংসদকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের আলোচনা শেষে নেত্রকোনার বিরিশিরি একাডেমির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্পিকারসহ আমন্ত্রিত অতিথিরা সংগীত সন্ধ্যা উপভোগ করেন।
পরে নৈশভোজে অংশ নেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!