জাতীয়

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট: সেপ্টে ১২, ২০২৬ : ০৫:০১ এএম ১৬ ০
দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করছে।

আজ শুক্রবার দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পৌর বিএনপির কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা পালিয়ে গেছে। তবে যাওয়ার আগে তারা দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাত ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত করে যাতে তারা আগামী দিনে সুখে-শান্তিতে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

কৃষি খাতকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষি খাতের উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

সরকারের বয়স মাত্র সাত মাস উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এত অল্প সময়ে দেশের সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে জনকল্যাণে দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিএনপি সরকার কাজ করে যাবে।

কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহিবুর এলাহী চৌধুরী রবিন। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!