সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২০০৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জন আইনি সহায়তা ও পরামর্শ পেয়েছেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ৭৩৯ জন এবং দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ লাখ ৬৭ হাজার ৬৫৬ জন আইনি সহায়তা পেয়েছেন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ৩৮৯ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে আইনি পরামর্শ নিয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন। অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন আরও ৩৮০ জন।
আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থী মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সংস্থাটির মাধ্যমে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনগত পরামর্শ, মামলা পরিচালনাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়ে থাকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!