নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল বুধবার জারি করা হয়।
ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।
হলফনামায় কিছু তথ্য ঐচ্ছিক
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের পাশাপাশি প্রার্থীর হলফনামার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্য অংশে পরিবর্তন এনে আগে যে তথ্য ‘সংযুক্ত করিতে হইবে’ বলা হয়েছিল, তা এখন ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(গ)-এ ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, অভিযুক্ত বলতে সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ (চার্জ) গঠন করেছে।
স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে। সংশোধিত বিধিমালার ক্রমিক ১০-এর বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।
নির্বাচনী প্রতীকের তালিকায় পরিবর্তন
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের মাধ্যমে নির্বাচনী প্রতীকের ক্ষেত্রেও নতুন বিধান করা হয়েছে। সংশোধিত বিধি ৯-এর উপবিধি (১) অনুযায়ী, বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিত প্রতীক ছাড়া তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
গেজেটে মোট ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বর প্রতীক হিসেবে ‘নৌকা’কে স্থগিত দেখানো হয়েছে।
সংশোধিত বিধানে স্থগিত প্রতীক বাদ দিয়ে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!