সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন।
তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে সরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।
সোমবার সকালে শেখ আহমদ ইন্তেকাল করেন। পরদিন মঙ্গলবার দুবাইয়ের জাবিল গ্র্যান্ড মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ রাজপরিবারের সদস্য ও অন্যরা অংশ নেন। পরে তাঁকে উম্মে হুরাইর কবরস্থানে দাফন করা হয়।
প্রধানমন্ত্রীর শোক
শেখ আহমদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে দুবাইয়ের রাজপরিবার এবং সংযুক্ত আরব আমিরাতের জনগণের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শেখ আহমদের ইন্তেকালের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ভাইকে স্মরণ করে আবেগঘন বার্তা
ছোট ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, শেখ আহমদ চোখের আড়ালে চলে গেলেও দোয়া ও হৃদয় থেকে কখনো হারিয়ে যাবেন না। তিনি মরহুমের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও ইউএইর প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদও তাঁর চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বিভিন্ন দেশের নেতারাও শেখ আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন।
পুলিশ, ব্যবসা ও ক্রীড়াঙ্গনে ভূমিকা
শেখ আহমদ ছিলেন শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের কনিষ্ঠ সন্তান এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের ছোট ভাই। তিনি দীর্ঘ সময় দুবাই পুলিশ ও জননিরাপত্তা বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইউএইভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান এআরএম হোল্ডিংয়ের গ্রুপ চেয়ারম্যান ছিলেন।
ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি ছিল। তিনি আল ওয়াসল স্পোর্টস ক্লাবের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন এবং ১৯৯০ সালে জেবেল আলি রেসকোর্স প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। ঘোড়দৌড় ও অশ্বারোহণেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
শেখ আহমদের মৃত্যুর পর তিন দিনের জন্য তাঁর পরিবারের প্রতি আনুষ্ঠানিক সমবেদনা জানানোর ব্যবস্থা করা হয়েছে। আর দুবাইয়ে ঘোষিত ১০ দিনের রাষ্ট্রীয় শোক চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!