জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। তাঁর ভাষ্য, এসব কর্মসূচিতে বাংলাদেশের জনগণের স্বার্থ এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে দিনের কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের জানান মাহদী আমিন।
তিনি বলেন, বাংলাদেশের স্বার্থকে কীভাবে অগ্রাধিকার দেওয়া যায়, জনগণের স্বার্থকে সামনে রাখা যায় এবং একজন নির্বাচিত সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও বাড়ানো যায়—প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে সেটিই গুরুত্ব পেয়েছে।
বিভিন্ন দেশের নেতার সঙ্গে বৈঠক
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে বহুপক্ষীয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা সংকট ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা ছিল।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে প্রাতঃরাশ অনুষ্ঠানে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
এদিন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহাম্মদ লতিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান মাহদী আমিন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানান তাঁর উপদেষ্টা।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আগামী বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলেও জানান মাহদী আমিন। বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করছে।
বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করেন। মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, সেখানে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাণিজ্য, নিয়ন্ত্রণব্যবস্থার সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নসহ সরকারের বিভিন্ন নীতি ও অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমেরও সাইডলাইন বৈঠক হয়েছে। সেখানে হাইতির আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশটিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মাহদী আমিন জানান, নির্ধারিত কর্মসূচির মধ্যে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং মেটার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠক করা সম্ভব হয়নি। তবে মেটার সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছে।
প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে অভ্যর্থনায় অংশ নেওয়ার বিষয়টিও ছিল বলে জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!