জাতীয়

মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

আপডেট: সেপ্টে ২৩, ২০২৬ : ০৫:৩০ এএম
মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বন্দরটি ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আয় করেছে। আগের অর্থবছরের তুলনায় আয় বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা বা ১১ দশমিক ৭৬ শতাংশ।

মঙ্গলবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

লক্ষ্যমাত্রার চেয়ে আয় ৪০০ কোটি টাকা বেশি

২০২৫–২৬ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪০১ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে।

আগের অর্থবছরে বন্দরটির রাজস্ব আয় ছিল ৩ হাজার ৪৭১ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। এক বছরে আয় বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা।

বেড়েছে জাহাজ ও পণ্য হ্যান্ডলিং

রাজস্ব আয়ের পাশাপাশি মোংলা বন্দরে জাহাজ ও পণ্য হ্যান্ডলিংও বেড়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বন্দরে এসেছে ৮১৫টি জাহাজ। এ সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন। একই সময়ে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউজ। এছাড়া বন্দর দিয়ে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছে।

সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ, কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তবে বন্দরের ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা ধরে রাখা এখনো অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, এসব উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!