রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত চার দিনে হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
চার দিনে তিন মৃত্যু
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওই দিন ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। দিন শেষে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৯৩ জন।
সেদিন ডেঙ্গুতে মারা যান রাজশাহীর তানোর উপজেলার মো. আনোয়ার মন্ডল (৫২)। ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ২১ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল ৬টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের তথ্য অনুযায়ী, মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু শক সিন্ড্রোম।
২০ সেপ্টেম্বর নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওই দিন ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। এদিন ডেঙ্গুতে মারা যান রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ বছর বয়সী সাথী রাণী। ১৯ সেপ্টেম্বর দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ভোর ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণও ডেঙ্গু শক সিন্ড্রোম বলে উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২১ সেপ্টেম্বর ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। সেদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। দিন শেষে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১০৪ জন।
এক দিনে ভর্তি ২৯, মৃত্যু ১
সর্বশেষ ২২ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫ জন। এদিন আব্দুল করিম (৪৫) নামের এক রোগীর মৃত্যু হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়ায়।
আব্দুল করিম পেশায় কৃষক ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গার বটতলা এলাকায়। ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। ২২ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ডেঙ্গু মায়োকার্ডাইটিস থেকে সৃষ্ট হৃদ্যন্ত্রের অনিয়মিত স্পন্দনের কারণে তাঁর আকস্মিক হৃদ্যন্ত্রজনিত মৃত্যু হয়েছে।
চার দিনে ভর্তি ১০৬
১৯ থেকে ২২ সেপ্টেম্বর—এই চার দিনের হিসাব অনুযায়ী, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন। এ সময়ে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৭ জন।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে আব্দুল করিম নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন রোগী চিকিৎসাধীন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!