জাতীয়

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: প্রবাসীকল্যাণমন্ত্রী

আপডেট: সেপ্টে ২৪, ২০২৬ : ০৫:০১ এএম ৮ ০
প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: প্রবাসীকল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে সমস্যায় পড়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিকভাবে কাজ করছে। বুধবার সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ বিভিন্ন দেশে কর্মীদের সমস্যার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, এসব পরিস্থিতির সঙ্গে মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।

তিনি বলেন, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেওয়া, হাসপাতালে যোগাযোগ করা, নিহতদের মরদেহ দেশে আনা এবং তাঁদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গোলটেবিল

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ও আলোচনা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠক করা হবে।

সেখানে সরকারের নেওয়া পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তথ্য যাচাই না করে কোনো বক্তব্য বা প্রচারণা না চালানোর আহ্বান জানান তিনি।

পর্যটনকেন্দ্রের নিরাপত্তা

সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে বর্তমান ও অতীতের পরিসংখ্যান তুলনা করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে বড় কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই, অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে।

তিনি বলেন, এ বিষয়ে আরও কিছু সময় প্রয়োজন। ডিসেম্বরের পর উন্নয়নকাজের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।

দুর্গাপূজার প্রস্তুতি

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের তিনটি উপজেলাসহ সারা দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জনগণের সহযোগিতায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সভায় সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!