জাতীয়

বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট: সেপ্টে ২৪, ২০২৬ : ০৫:০৩ এএম ১১ ০
বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার নিউইয়র্কে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ই-কমার্স খাতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা করেন।

অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে তাঁর আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!