কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয়। তাই শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বুধবার টাঙ্গাইলের মধুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফকির মাহবুব আনাম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সাত মাস ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
সমাবেশে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে ফকির মাহবুব আনামের নেতৃত্বে মধুপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের নেতাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!