জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর ৫১০ পরিবারকে দেড় কোটি টাকা দেবে জেলা পরিষদ

আপডেট: সেপ্টে ২৪, ২০২৬ : ০৫:২৫ এএম ১১ ০
বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর ৫১০ পরিবারকে দেড় কোটি টাকা দেবে জেলা পরিষদ

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫১০ পরিবারকে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর একটি বাঁশখালী। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয়। এতে ৪ হাজার ৫১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে ঘর নির্মাণ ও পুনর্বাসনের জন্য এই অর্থ দেওয়া হচ্ছে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, এর আগে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ ও পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের প্রতিটি উপজেলাতেই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও ঘর পুনর্নির্মাণে জেলা পরিষদ প্রতিটি উপজেলায় এ ধরনের সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত ঘরবাড়ি পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য নগদ আর্থিক সহায়তা প্রয়োজন। জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এ সহায়তা দেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!